২৪ মার্চ ২০১৯, ১৫:৫৪

জাবিতে সোমবার থেকে তিন দিনব্যাপী ‘মুক্তির সংগ্রাম’

শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

‘মুক্তির আলোয় আলোকিত করি ভূবন’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র’র (টিএসসি) আয়োজনে ক্যাম্পাসে সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ২৫ মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অনুষ্ঠানে দেশ বরণ্য ব্যক্তি ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাহসী বীর মুক্তিযোদ্ধাদের কে সম্মাননা স্মারক প্রদান করা হবে। তিনি আরও বলেন, জীবন ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়া, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায় করার লক্ষ্যে এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে ২৫ মার্চ মুক্তিসংগ্রাম আর্ট ক্যাম্প ও স্থির চিত্র প্রদর্শনী, মুক্তির সংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান এবং মুক্তিসংগ্রামের গান ও কবিতা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৬ মার্চে থাকছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তির সংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ দিন ২৭ মার্চ রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্র প্রদর্শন এবং সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘একজন জয়নব বিবি ও ক্রান্তিকাল’ নাটক প্রদর্শন।