২০ মার্চ ২০১৯, ২০:১২

চবিতে খাবারের মানোন্নয়নসহ ৬ দাবিতে প্রভোস্ট কক্ষে তালা

মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট কক্ষে তালা দিয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে হলের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের আবাসিক হল মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের কক্ষে তালা দিয়ে প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রাখে ওই হলের শিক্ষার্থীরা। বুধবার হলের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত হল প্রভোস্টের কক্ষে তালা দিয়ে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে কক্ষের সামনে অবস্থান করে।

হলের শিক্ষার্থীরা জানান খাবার পানি সংকট, নিম্নমানের খাবার, বাবুর্চি সংকট, অপরিচ্ছন্ন ডাইনিং, হলে মশা ও সাপের উপদ্রব, ব্যবহার অযোগ্য টয়লেটসহ নানামুখী সমস্যায় সম্মুখীন মাস্টারদা সূর্যসেন হল। হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো নিয়ে প্রভোস্টের নিকট অভিযোগ দিয়ে আসছে। কিন্তু তিনি আমাদের কোনও আশ্বাস দিতে পারেনি। তাই আন্দোলনে নেমেছি। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমদ জানান, আবাসিক হলের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা হবে। তবে অনেকগুলো কাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার আশ্বাস আমরা এই মুহূর্তে দিতে পারছি না। সেগুলো সময় নিয়ে সমাধান করা হবে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান বলেন, সূর্যসেন হল অনেক পুরাতন একটি হল। স্বাভাবিকভাবেই হলে বেশকিছু সমস্যা রয়েছে। আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আমিও চাই শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক।