বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) আবারও জেগে উঠেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর মৃত্যুতে আবারও জেগে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলন। গতবছর শহীদ রমীজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুলের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেলে সাড়া দেশ ফু্সে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলনে।
আন্দোলনকারীরা সাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান। তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই, মগজ তো রাস্তায়-তবে দেশ চালায় কারা, এর পর হয়তো, আমার লাশও রাস্তায় পরে থাকবে’ এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ভোলা রাস্তার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এসময় তারা ‘আমার ভাইয়ের রক্ত, প্রশাসন জবাব চাই, উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় মরে ছাত্র-প্রশাসন কি করে, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত রাখেন।