রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ব্যাগ ছিনতাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীর ছিনতাইকারীর কবরে পড়েছেন। রবিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ওই ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের শিকার ছাত্রী সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর অভিযোগ, তিনি রবিবার রাতে বান্ধবীর সঙ্গে রিকশায় করে বিনোদপুর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। প্রধান ফটকের কাছে পৌঁছাতেই পেছনে থেকে মোটরসাইকেল আরোহী তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে কাজলার দিকে চলে যান। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ওই শিক্ষার্থী তৎক্ষণাৎ প্রধান ফটকে দায়িত্বরত পুলিশদের জানালেও তারা মোটরসাইকেল আরোহীদের ধরতে পারেনি বলে তিনি অভিযোগ করেন।
প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান কাছে জানতে চাইলে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এটা বিশ্ববিদ্যালয়ের বাইরে। তারপরও পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।’