রাবিতে ফের পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের শিক্ষার্থীরা ৫০২ নম্বর কোর্সের অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে এ অবস্থান নিয়েছে। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ১৬ তারিখের অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন করছে তারা। আর এ দাবিতে আগের দিন রবিবার তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
প্রশাসন ও বিভাগে বার বার অনুরোধ করার পরও তারা নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা না করায় এ অবস্থান কর্মসূচি পালন করছে। আজ সোমবারের মধ্যে যদি নতুন পরীক্ষার তারিখ ঘোষণা না করা হয় তাহলে মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন করে পরীক্ষার দাবিতে পরীক্ষা কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দিতে গেলে ক্যাম্পাস বন্ধের অজুহাতে তিনি স্মারকলিপি গ্রহণ করেননি। কিন্তু গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দিয়েছেন।
মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামুল হক জানান, ১৩ জন শিক্ষার্থী উপস্থিত হওয়ায় তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন যদি উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক ইতিবাচক হয় তাহলে পুনরায় পরীক্ষা নিতে কোনও অসুবিধা নেই আমাদের।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ কানিজ ফাতেমা নামের এক পরীক্ষার্থীর বাবা মারা যায়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন। ফাতেমার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পরদিন অনুষ্ঠিতব্য ৫০২ নম্বর কোর্সের ‘কোগনেটিভ নিউরো সাইকোলজি’ পরীক্ষা না নেওয়ার জন্য শিক্ষার্থীরা মৌখিকভাবে অনুরোধ করেন পরীক্ষা কমিটিকে।
এদিকে পরীক্ষা কমিটি অনুরোধ আমলে না নিয়ে বরং পরীক্ষা নেয়। এতে ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র ১৩জন।