বাকৃবিতে পশুপালন দিবস উদযাপিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সপ্তম বারের মতো উদযাপিত হয়েছে পশুপালন দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় পশুপালন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আবদুল মান্নান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি শিশু ও কিশোরের মুখে প্রতিদিন নূন্যতম এক গ্লাস দুধ, একটি ডিম ও ১২০ গ্রাম মাংস সরবরাহ নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে পশুপালন গ্রাজুয়েটবৃন্দ। বর্তমানে দেশে দুধ ৯৪ লক্ষ টন, ডিম এক হাজার পাঁচশ কোটি, মাংস ৭২ লক্ষ টন উৎপাদন হচ্ছে। এছাড়াও ব্রয়লার ও ডিম উৎপাদনে যে বিপ্লব সংঘটিত হয়েছে তার মূল কারিগর পশুপালন গ্রাজুয়েটবৃন্দ।