পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে রাবিতে মশাল মিছিল
পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিশ্ববিদ্যালয় আমচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংগঠনটির শিক্ষা সম্পাদক মহব্বত মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ঢাবি প্রশাসন প্রহসনের নির্বাচন করেছে এবং পুলিশ পেটোয়া বাহীনির দায়িত্ব পালন করেছে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে ভোট দিতে দেয়নি। বক্তারা অবিলম্বে নতুন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং ছাত্রনেতাদের নামে মিথ্য মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্র ফেডারেশনের আহবায়ক ইয়াসির আরাফাত অন্তর, সাধারণ সম্পাদক জিন্নাত আরা সুমা, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু হাসান, ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক আহসানুল হক মোরাদ প্রমুখ।