চবির সোহরাওয়ার্দী হলের ১৮ কক্ষ সিলগালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে ১৮ টি কক্ষে সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হলটিতে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের বেশকিছু কক্ষে অবৈধ শিক্ষার্থী অবস্থান করছে এমন অভিযোগের ভিত্তিতে এদিন বিকেলে হল প্রশাসনের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় ঐ ১৮টি কক্ষে বৈধ কোনো শিক্ষার্থী পাওয়া না যাওয়ায় সিলগালা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, সোহরাওয়ার্দী হলের কয়েকটি কক্ষে অবৈধভাবে কিছু শিক্ষার্থী অবস্থানের অভিযোগ পেয়ে আমরা হলে অভিযান চালাই। এসময় বৈধ শিক্ষার্থী না থাকায় ১৮টি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। অন্যান্য হলগুলোতেও এ ধরনের অভিযান চালানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন।