ডাকসু নির্বাচনে অনিয়ম, রাবিতে ছাত্রজোটের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্র জোট। সোমবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রনজু হাসানের সঞ্চালনায় রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ গুণীজন তৈরির কারখানা। কিন্তু বর্তমানে ডাকসু নির্বাচনে অনিয়মের মধ্য দিয়ে প্রমাণিত হল সেখানে ভোট কারচুপির চর্চা করা হয়। এমনকি এহেন জঘন্য কর্মকান্ডকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে। যা গণমাধ্যমে প্রমাণিত হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কলঙ্ক জনক অধ্যায় হয়ে থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা গণতান্ত্রিক স্বাধীনতা হীনতায় পর্যবসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় তারা নির্বাচন বাতিল করে পুনরাই ডাকসু নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে ভোট কারচুপির অপকর্মে লিপ্ত থাকা সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
এসময় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ মহত্ব, সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা রিদম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা পোলটুডুসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয় এবং কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে এক যোগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়, কলেজে ধর্মঘট কর্মসূচি পালন করার আহবান জানান তারা।