মশার উপদ্রবে অতিষ্ঠ রাবি ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসের এমন কোন জায়গা পাওয়া যায় না, যেখানে মশার উপদ্রব নেই। এমনকি দিনের বেলাও মশার অত্যাচারে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমে অংশ নেওয়া দুরূহ হয়ে পড়ছে শিক্ষক-শিক্ষার্থীদের। বিশেষ করে বিকেলের পর থেকে আবাসিক হলের, একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মশার কামড়ে বসতেই পারছেনা শিক্ষার্থীরা। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছেন বিশ্লেষকরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ও হলের আশে পাশে থাকা ড্রেন, ঝোঁপঝাড়, জঙ্গলগুলো নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বেড়েই চলছে। মশা নিধনেরও কোন কার্যক্রম দেখা মিলছে না এখানে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে মশার উপদ্রবের ফলে এরই মধ্যে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশেষ করে, মাইক্রোসেফালি, ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে চলেছে প্রতিনিয়ত। অন্যদিকে দ্রুত মশা নিধন না হলে মশাবাহিত রোগ প্রকট আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসকরা।
সরজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোয়ার্টার ও আবাসিক হল, একাডেমিক ভবনগুলোর আশে পাশে ঝোপ-জঙ্গল ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ক্যাম্পাসে মশার উপদ্রব বৃদ্ধি হয়েছে। বিকেল নামার সাথে সাথে শুরু মশার বিরূপ পদচারণা। মশার কামড়ে ক্যাম্পাসের পুরাতন ফোকলোর চত্বর, ইবলিশ চত্বর, শহীদ মিনার চত্বর, পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, টিএসসিসি, সিনেট ভবন চত্বরসহ পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান নেয়া দায় হয়ে পড়েছে। শুধু তাই নয় বিকেলে ক্লাস ও আবাসিক হলে শিক্ষার্থীদের রাত্রি যাপন করা কঠিন হয়ে পড়েছে।
রাবির শাহ মাগদুম হলের আবাসিক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন জানান, এখানে বিশেষ করে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই মশার উপদ্রব বেড়ে যায়। এমনকি মশার কামড়ে দিনের বেলাও চেয়ার টেবিলে বসে পড়তে পারি না। বিছানায় ঘুমাতে গেলেও মড়া থেকে বাঁচতে পারি না আমরা। যার ফলে অনেক সময় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। এদিকে মশা থেকে বাঁচতে বিকল্প কয়েল, মশারির ব্যবহারও নিতান্তই ব্যর্থ হচ্ছে বলেও জানান এই শিক্ষার্থী। এছাড়া তিনি দ্রুত মশা নিধনের ব্যপারে প্রশাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী সাদিকা রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ফলে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। মশার উপদ্রব থেকে বাঁচতে মশারি ভিতরে প্রবেশ করে পড়াশুনা করতে হয়। এতে পড়ার জন্য যথোপযুক্ত পরিবেশ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ঘুমের খুব সমস্যা হয়। তাই শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে দ্রুত মশা নিধন মেডিসিন প্রয়োগের দাবি জানান।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. মাসিহউল আলম হোসেন প্রতিবেদককে জানান, ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়েছে। যার ফলে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। মশাবাহিত রোগের আমরা বিভিন্ন উপসর্গ চিকিৎসা কেন্দ্রে আশা শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করছি। দ্রুত মশা নিধন না করা হলে এই রোগ গুলি শিক্ষার্থীদের মাঝে প্রকট আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু বলেন, ক্যাম্পাসের মশা নিধনের বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে। অতিদ্রুতই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পাশাপাশি হল প্রাধ্যক্ষদের হলের আশে পাশে জঙ্গল পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।