আমরাই শিশুদের মিথ্যা বলা শেখাই
আমাদের শিক্ষার্থীরা বিদেশীদের থেকে কোনো অংশে দুর্বল না কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের সে পরিবেশ দিতে পারিনি। আমরা তাদের ছোটবেলা থেকেই মিথ্যা বলা এবং কপি করা শিখাই। এতে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।
নবীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, তোমাদের সবার মধ্যেই প্রতিভা আছে কিন্তু তা সুপ্ত তোমরা সে সুপ্ত প্রতিভাকে বিকশিত করো। মানুষ আজীবন ছাত্র থাকে। তাই একজন ছাত্র হিসেবে বলব, তোমাদের অভিনন্দন যে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। শিক্ষার আসল উদ্দেশ্য কি সে সম্পর্কে নবীনদের জানা উচিৎ আর তা হচ্ছে নিজের বিবেক কে তুলে ধরার সক্ষমতা অর্জন করা। মানুষ সত্যের সন্ধান পেলে তারা আরামে থাকতে পারে, লোভ লালসা থেকে দূরে থাকতে পারে। সবাইকে তিন ক্যাটাগরিতে মানুষকে সম্মান করতে শিখতে হবে। সে তিন ক্যাটাগরি হচ্ছে গর্ভধারিণী মা,দেশ মাতৃকা এবং সমগ্র নারী জাতি কে সম্মান করতে হবে। আমাদের শিক্ষার মাধ্যমে নিজের দুর্বলতাকে চিহ্নিত করতে শিখতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ কে আমাদের রক্ষা করতে হবে। এটা সাধারণ মানুষের সম্পদ।
রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ নবীন বরণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আব্দুস সোবহান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এম এ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক এম আব্দুস সোবহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ বলেছেন, যে মানুষের কাছে কৃতজ্ঞ না সে আমার কাছেও কৃতজ্ঞ না। যারা আমাদের জন্য এদেশ মুক্ত স্বাধীন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আমাদের। তোমরা তীব্র প্রতিযোগিতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ। কারো মেধা কম না। সকলে সমান দিল নিয়ে শিক্ষকদের কথা শুনে না। তোমাদের নিশ্চয় স্বপ্ন আছে। কিন্তু সে স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাব। বার বার চেষ্টা করে কেউ কখনো ব্যর্থ হয় না, এক বার বা দুবার করে কেউ ব্যর্থ হতে পারে। মানুষ স্বার্থের কথা ভেবে কেউ বড় কিছু করতে পারবে না। বিদ্যা অর্জন করে ভালো মানুষ হবে বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তবে বিদ্যা অর্জন করলে শুধু বিদ্বান হওয়া যায় কিন্তু শিক্ষিত হওয়া যায় না। তোমরা তোমাদের শিক্ষকদের প্রতি ভক্তি করবে, বিনয়ী হবে, শ্রদ্ধাবান হবে। কিন্তু বেদ বাক্যের মত যে সব শিক্ষক তোমাদের ভুলপথে পরিচালিত করে তাদের অনুসরণ করো না। নিরপেক্ষ বলে কেউ নেই। তোমাকে সঠিক বা ভুল কোন একটি নির্বাচন করতে হবে। কোনো কোনো ডিপার্টমেন্ট এ কুপরামর্শ আছে কিন্তু কোন ডিপার্টমেন্ট এ আছে আমি বলবো না। সমস্ত সংগ্রাম ও স্বাধিকার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আছে। কিন্তু তোমরা নিচু মন নিয়ে এখানে থেকে বের হয়ো না। যিনি বিদ্বান ব্যক্তি তিনি অবশ্যই পরিশীলিত হন।
এছাড়াও তিনিও বলেন, আমরা ভালো রেজাল্ট করবো কিন্তু ভালো রেজাল্ট করতে না পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে এমনটা না। উচ্চ শিক্ষিত আর উচ্চ বিদ্বানের মধ্যে পার্থক্য আছে। বিদ্যা অর্জনের সনদ দেখানো যেতে পারে কিন্তু তোমরা কেউ শিক্ষিত হওয়ার সনদ দেখাতে পারবে না। মানুষের জীবন এতো সস্তা না। আল্লাহ মানুষকে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন না। কাজেই তোমরা সবাই যে স্বপ্ন নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে এসেছো সে স্বপ্ন শিক্ষিত ও মানুষের মতো মানুষ হওয়ার মধ্য দিয়ে পূরণ করো।
বেলা ১ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কবিগুরুর ‘আনন্দালোকে মঙ্গোলালোক’ ও জাতীয় কবির ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে’ গান দুটির সাথে সাথে নাচ পরিবেশন করা হয়। এর পর চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতে নবীনদের পক্ষ থেকে অনেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।