আইনজীবীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের আয়োজনে ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং ইউএসএআইডি’র যৌথ উদ্যোগে এ কে খান আইন অনুষদের অডিটোরিয়ামে ‘ইন্টার ইউনির্ভাসিটি ল’ ক্লিনিক চট্টগ্রাম’ শীর্ষক মগ ট্রায়েল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার ফাইনালে ৭৮.৮ পয়েন্ট পেয়ে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডি-বাংলাদেশের সিভিল এন্ড গভর্ন্যান্স টিম লিড জনাব নাদিয়া শাহ এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
উপাচার্য তাঁর ভাষণে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের জঙ্গি-সন্ত্রাস-মাদক-দুর্নীতি এবং চরমপন্থা নিরসনকল্পে দেশের আইনজীবীসহ আইন শিক্ষার্থীদের রয়েছে অনন্য ভূমিকা। তিনি আরও বলেন, দেশের আইন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরণের প্রতিযোগিতামূলক আয়োজন অত্যন্ত প্রশংসার দাবীদার।
উপাচার্য বলেন, রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো দুর্নীতিবাজ-সন্ত্রাসী কোনোভাবে আইনের খুটিনাটি দিক দিয়ে যেন খালাস না পায়, সেদিকে যেমন সজাগ থাকতে হবে তেমনি কোনো নিরপরাধ ব্যক্তিও যেন আইনের অপব্যাখ্যায় পড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আইনজীবীসহ আইন পেশায় নিয়োজিত সকলকে সুদৃষ্টি রাখতে হবে। উপাচার্য বর্তমান সরকার ঘোষিত জঙ্গি-সন্ত্রাস-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সম্মান রেখে দেশের আইনজীবীসহ সকল আইন বিজ্ঞানীদের নিজ নিজ অবস্থান থেকে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান। আইনের শিক্ষার্থীদের আইন শাস্ত্রে অধিকতর পঠন-পাঠনের মাধ্যমে নিজেদের সৎ-দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য। অনুষ্ঠানে মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।
চবি আইন অনুষদের ডিন এবং আইন বিভাগের সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাঈদ আহসান খালিদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। এছাড়াও বক্তব্য রাখেন চবি আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খালেদ। চট্টগ্রামের সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, পোর্টসিটি ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, ইউএসএআইডি, ব্রাইট বাংলাদেশ ফোরামের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন