০৯ মার্চ ২০১৯, ১৬:৫০

রাবিতে দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু ১৩ মার্চ

সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ভিত্তিক সংগঠন ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ৬ষ্ঠ বারের মতো দুই দিনব্যাপী ‘আরিউসিসি জব ফেয়ার ১৯’ শুরু হচ্ছে আগামী ১৩ মার্চ। এতে অংশ নিচ্ছেন ঢাকা ও রাজশাহী ভিত্তিক অন্তত কুড়িটি কোম্পানি। জব ফেয়ারে মিডিয়া পার্টনার রয়েছেন যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার।

শনিবার দুপুর দু’টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে ক্যারিয়ার ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শেখ আরিফুজ্জামান লিপু। এসময় উপস্থিত ছিলেন, আরিউসিসি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. রুকসানা বেগম, সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, হিউম্যান রিসোর্স সম্পাদক হাফিজ আল আসাদ প্রমুখ।

তিনি জানান, দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে জব ফেয়ারটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা।

এদিন সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চাকরি প্রার্থীরা তাদের পছন্দনীয় কোম্পানিতে সিভি জমা দিতে পারবেন। সিভি গ্রহণ শেষে মেলার দ্বিতীয় দিনে জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবেন বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। মেলায় অংশ নিচ্ছেন ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বিকাশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, প্রাণ-আরএফল গ্রুপ। এছাড়াও জব ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ব্রোঞ্জ স্পন্সর হিসেবে থাকছে সিটি ব্রোকারেজ লিমিটেড।

এদিকে জব ফেয়ারের পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কিত ও দিকনির্দেশনা মূলক সাতটি সেমিনার বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক (টিএসসিসি) তে আয়োজন করেছে সংগঠনটি।

মেলার দ্বিতীয় দিন বিকাল ৫টায় শেখ রাসেল মাঠে ষষ্ঠ ‘আরইউসিসি জব ফেয়ার-১৯’ এর সমাপনী অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এদিন ক্যারিয়ার ক্লাবের সফল আয়োজকদের এবং চাকরি প্রাপ্তদেরকে সংবর্ধনা দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সম্পূর্ণ অরাজনৈতিক ক্যারিয়ার সংশ্লিষ্ট ছাত্রদের নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু হয়। এর পর থেকেই প্রতিবছর জব ফেয়ারের আয়োজন করে থাকে সংগঠনটি। এর আগে পঞ্চম জব ফেয়ারে ৫৭ জন চাকুরি কনফার্ম করেছেন মেলায় অংশ নেওয়া বিভিন্ন কোম্পানি।