চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবন চরিত নিবিড়ভাবে পাঠ, পঠন, চর্চা ও গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার (গবেষণা কেন্দ্র)’ প্রবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় চবি গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু চেয়ার (গবেষণা কেন্দ্র)’ পদে দায়িত্ব নিয়ে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বঙ্গবন্ধু চেয়ার নীতিমালা কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে, ৫২০তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু চেয়ার’ বাস্তবায়ন কমিটি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে চার বছরের জন্য ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেয়া হয়। এ খ্যাতিমান শিক্ষাবিদ জাতির জনক বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংস্কৃতি-ঐতিহ্য, মহান ভাষা আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে প্রায় শতাধিক গবেষণা-প্রকাশনা রয়েছে।
উপাচার্য তাঁর ভাষণের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা একটি অবিস্মরণীয় উদ্যোগ। এ জন্য তিনি মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে চবিতে জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যবর্গ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামের স্মৃতিকে চির অম্লান করে রাখার প্রয়াসে বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেছেন।
উপাচার্য আরও বলেন, আমি মনে করি বঙ্গবন্ধুর কীর্তি ও সংগ্রামী জীবন নিয়ে গবেষণার মাধ্যমে তথ্য-উপাত্ত জাতির সামনে কার্যকরভাবে তুলে ধরাই আমার জীবনের অন্যতম নৈতিক দায়িত্ব। ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে উপাচার্যকে মনোনীত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, রেজিস্টার, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।