০৪ মার্চ ২০১৯, ২২:৩২

শাবিপ্রবিতে ৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব শুরু ৭মার্চ

  © টিডিসি ফটো

আগামী ৭ মার্চ বৃহস্পতিবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৯দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব-১৯ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের ২০বছর পূর্তি উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি জানান নাট্যোৎসবের আহ্বায়ক মো. মোতাব্বির হোসেন সাব্বির। তিনি জানান, আগামী ৭ই মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৯দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

নাট্যোৎসবে টি-শার্ট উন্মোচন, আনন্দ র‌্যালী, নাট্য প্রদর্শনী ও সাবেক এবং বর্তমান সদস্যদের অংশগ্রহণে দিক পুনর্মিলনীসহ নানা আয়োজন থাকবে বলে জানান আয়োজকেরা।

উৎসবের আহ্বায়ক মোতাব্বির হোসেন সাব্বির আরো জানান, ৭ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠনের নিজস্ব পরিবেশনায় নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৯দিনব্যাপী এ নাট্যোৎসবে থাকছে মনোজ মিত্রের রচনায় ও তনু দীপের নির্দেশনায় ৭ই মার্চ শাবিপ্রবি দিক থিয়েটারের ‘পুঁটি রামায়ণ’, সামিনা লুৎফা ও সৌম্য সরকারের নাট্যরূপে এবং মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় ৮ই মার্চ ঢাকা বটতলার ‘ক্রাচের কর্নেল’, মাহফুজা হিলালীর রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ৯ই মার্চ সাভার জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’, মাহফুজা হিলালীর নাট্যরূপে ও সৈয়দ দুলালের নির্দেশনায় ১০ই মার্চ বরিশাল শব্দাবলী থিয়েটারের ‘বৈশাখিনী’।

এছাড়া আনন জামানের রচনায় ও শুদ্ধমান চৈতনের নির্দেশনায় ১১ই মার্চ ঢাকা বুনন থিয়েটারের ‘সিক্রেট অব হিস্ট্রি’, সৈয়দ শামসুল হকের রচনায় ও অনন্ত হীরার নির্দেশনায় ১২ই মার্চ ঢাকা প্রাঙ্গনে মোর এর ‘ঈর্ষা’, রুমা মোদকের রচনায় ও সুদীপ চক্রবর্তীর নিদের্শনায় ১৩ই মার্চ হবিগঞ্জ জীবন সংকেতের ‘জ্যোতি সংহিতা’ ও অভিজিৎ সেনের উপন্যাসের আলোকে ও রেজা আরিফের নির্দেশনায় ১৪ই মার্চ ঢাকা আরশিনগরের ‘রহু চন্ডালের হাড়’ পরিবেশন করা হবে। এছাড়াও ১৫ মার্চ সংগঠনের সাবেক এবং বর্তমান সদস্যদের নিয়ে থাকছে দিক পূর্নমিলনী।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিক থিয়েটারের সহ-সভাপতি আরিফা জেসমীন রুমি, সাধারণ সম্পাদক পাপ্পু রায়, সদস্য হোসাইন ইমরান প্রমুখ।