০৪ মার্চ ২০১৯, ১৯:৫২

গ্রন্থাগারে ব্যাগে নিষেধাজ্ঞা: অসন্তুষ্টি নিয়ে রাজি শিক্ষার্থীরা

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞায় শিক্ষার্থীরা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন গ্রন্থাগারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী। তিনি বলেন, সবার সঙ্গে পরামর্শ করেই লাইব্রেরিতে ব্যাগ নিয়ে প্রবেশ নিষধাজ্ঞার ব্যাপারে আলোচনা করলাম। ছাত্ররা সকলেই রাজি হয়েছে। এর আগে ব্যাগ নিয়ে গ্রন্থাগারে প্রবেশে নিষেধাজ্ঞা দিলে রবিবার শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। 

এদিকে, সোমবার সকাল ৭টায় শিক্ষার্থীরা আবারো গ্রন্থাগারে ব্যাগ নিয়ে প্রবেশ করতে চাইলে কর্মচারীদের বাধার মুখে পড়ে। এরপরে শিক্ষার্থীরা গ্রন্থাগারের প্রধান ফটক অবরোধ করে রাখে। এতে ভেতরে অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা প্রশাসেনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাগ ও বইপত্র নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করেন।

এ বিষয়ে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, লাইব্রেরিতে শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ইতোপূর্বেও ছাত্রসংগঠনগুলোর সাথে কথা বলেছি। আজ (সোমবার) আবারো সবার সঙ্গে পরামর্শ করেই লাইব্রেরিতে ব্যাগ নিয়ে প্রবেশ নিষধাজ্ঞার ব্যাপারে আলোচনা করলাম। ছাত্ররা সকলেই রাজি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আরো পদক্ষেপ নিব, শিক্ষার্থীদের কাছে আমরা সহযোগী মনোভাব আশা করছি।

ফলে আবারো গ্রন্থাগার কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে রেজিস্টার ভবনের হলরুমে এক জরুরী আলোচনা সভায় বসে। আলোচনা সভায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাবেক ও বর্তমান মিলিয়ে ৮জন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক সমিতির সভাপতি প্লাবন তারিক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে পাঠাগারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলী, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহিল কাফিসহ গুরুত্বপূর্ণ শিক্ষকমন্ডলী আলোচনায় অংশ নেন।

আবু বক্কর সিদ্দিক নামে এক শিক্ষার্থী বলেন, লাইব্রেরিতে কখনো ব্যাগ বহন নিষধাজ্ঞা ছিল না। বই স্বল্পতা, নোংরা পরিবেশ, সিট সংকট নিরসন না করে ব্যাগ বহন নিষেধাজ্ঞা আরোপ করা শিক্ষার্থীদের লাইব্রেরি বিমুখি করারই পায়তারা।

এবিষয়ে গ্রন্থাগার ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম বলেন, গ্রন্থাগারে আগে থেকেই বাইরের বইপত্র নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় আমরা সুযোগটি দিয়েছি। এখন শিক্ষার্থীদের জন্যই পূর্বের নিয়মে ফিরে যেতে হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ব্যাগ বাইরে রেখে প্রবেশ করেছে। কিন্তু সদ্য সাবেক পাঠাগার পরিচালক অধ্যাপক অজিত কুমার মজুমদারের সময় থেকে পাঠাগারের ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশের নিয়ম চালু হয়। এরপরে বর্তমান পরিচালক পাঠাগারের সঠিক নিয়মে ফিরে আসলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।