০৩ মার্চ ২০১৯, ১৯:৩৫

দু’মাসের সেশন জট নিয়ে নতুনদের ক্লাস শুরু বেরোবিতে

  © ছবি : সংগৃহীত

দুই মাসের সেশন জট নিয়ে ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। রবিবার আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগ।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ২ থেকে ৫ ডিসেম্বর সময়ের মধ্যে। পরে সাক্ষাতকারসহ অন্যান্য জটিলতার কারণে প্রায় দুই মাস বিলম্বের পর সমালোচনার মুখে সেন্ট্রাল ওরিয়েন্টশন ছাড়াই ক্লাস শুরু করে বেগম রোকেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেরোবি’র রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল দুই মাসের সেশন জট নিয়ে ক্লাস শুরুর বিষয়ে বলেন, এ বিষয়ে কিছুই জানি না আমি। এ বিষয়ে ভালো বলতে পারবেন গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান বিশ্ববিদ্যালয়ের মূখপাত্র।

এ ব্যাপারে তাবিউর রহমান বলেন, আসন শূন্য রেখে আমরা নবীনদের ক্লাস শুরু করতে চাইনি। সে জন্য দু’মাস বিলম্ব হয়েছে ক্লাস শুরু করতে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং বিভাগগুলোর আন্তরিকতার মাধ্যমে এটা কাটিয়ে উঠবে।