ভোট পরিদর্শনে বেরোবি’র মাইক্রোবাস ব্যবহার জানিপপের
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের ব্যবহারের জন্য কেনা একটি মাইক্রোবাস ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার এ মাইক্রোবাসটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা জানিপপ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনা-নেওয়ার জন্য বেশ কিছু দিন আগে একটি মাইক্রেবাস কেনা হয়, যার নম্বর রংপুর চ-৫১-০০২৭। মাইক্রোবাসটি গত বছরের ১৪ আগস্ট থেকে উপাচার্য ঢাকায় নিয়ে যান। এরপর থেকে মাইক্রোবাসটি তার নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান জানিপপের বাহন হিসেবে ব্যবহার করে আসছেন। শুধু তাই নয়, গাড়ির জ্বালানি খরচ মেটাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর মাইক্রোবাসটি জানিপপের কাজে ব্যবহার করার কথা স্বীকার করেছেন। এ সময় তিনি জানান, গাড়ির সংকট থাকায় এবং বৃষ্টির কারণে তাকে বেরোবি’র মাইক্রোবাসটি ব্যবহার করতে হয়েছে।
সুজনের রংপুর জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে পর্যবেক্ষকের স্টিকার লাগিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ব্যবহার করে উপাচার্য চরম অনৈতিক কাজ করেছেন।