ববিতে আন্তঃবিভাগ ভলিবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে টানা তিনবারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাবিভাগ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল এই খেলা অনুষ্ঠিত হয়।
পুরুষ এককে ফাইনাল খেলাটি বাংলা বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ২-১ সেটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। রানার আপ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
অন্যদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ। ফাইনালে তারা বাংলা বিভাগকে ২-০ সেটে হারিয়েছে। এ খেলায় রানার আপ হয়েছে বাংলা বিভাগ।
খেলা শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড.হাসিনুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
পুরস্কার বিতরণকালে উপাচার্য বলেন, বৃদ্ধ বয়সে শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে।
বাংলা বিভাগের শিক্ষার্থী সানবীর রেহমান সজীব বলেন, ভলিবল টুর্নামেন্টে আমরা অপারেজয়। টানা তিনবার আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই উচ্ছ্বাসিত।