চবি ছাত্রলীগের সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, পুলিশের লাঠিচার্জ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সিএফসি ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ সংঘর্ষে বাধে। সংঘর্ষে সিএফসির ইখলাসুর রহমান (অর্থনীতি বিভাগ, ১৪-১৫ সেশন) নামে এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অপর পক্ষের নেতাকর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন। এ সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করে পুলিশ।
এর আগে সন্ধ্যায় সিএফসি নেতা সোয়েবুর রহমান কনক বিজয়ের এক কর্মীকে (কাকন) মারধর করে। যা পরে সিনিয়রদের মধ্যে সমাধান হলেও রাত সাড়ে ১০টার দিকে কনক ও ইখলাস মোটরসাইকেল নিয়ে সোহরাওয়ার্দী হলের মোড়ে নিয়ে আসলে অতর্কিত হামলা চালায় বিজয়ের কর্মীরা। এ সময় তারা কনককে মারধর শুরু করে। এ ঘটনায় সিএফসি নেতাকর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।