কলেজ থেকে বেরিয়েই ট্রেনে কাটা পড়ল ছাত্রী
কলেজ গেটের সামনেই চলন্ত ট্রেনের নিচে পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটির পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই কলেছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস লিমু (১৭)। তিনি পুবাইল এলাকার পাশের গ্রামের ছোট কয়েরের টমটমচালক রুহুল আমিনের মেয়ে। কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কলেজ গেট অতিক্রমের সময় লিমু নামের মেয়েটি হঠাৎ করে ট্রেনে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই মেয়েটির শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে য়ায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস লিমু প্রতিদিনের মতো ক্লাস করতে কলেজে যায়। কলেজ থেকে বেরিয়ে রেললাইন ধরে হেঁটে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। পুবাইল থানার ওসি মো. নজমুল হক ভুইয়া জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি।