কাল সারাদেশের সরকারি কলেজে ১ ঘন্টা কর্মবিরতি
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে একঘণ্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা এ কর্মবিরতি পালন করা হবে। তবে পাবলিক পরীক্ষা হচ্ছে এমন কলেজগুলো এ কর্মসূচির বাইরে থাকবে। সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রোববার শিক্ষাবিদ ইনস্টিটিউটে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, সোমবার শিক্ষক নেতা আই কে সেলিমউল্লাহ খন্দোকার ও শাহেদুল খবির নরসিংদী সরকারি কলেজ পরিদর্শন করেন।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার সারা দেশের সব সরকারি কলেজে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এ সময় কলেজগুলোতে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করবেন শিক্ষকরা। তবে পাবলিক পরীক্ষা হচ্ছে এমন কলেজগুলোতে প্রতিবাদ কর্মসূচির পালিত হবে না। এছাড়া মঙ্গলবারের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সরকারি কলেজের শিক্ষক নেতারা।
প্রসঙ্গত, শনিবার দুপুরে অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় অধ্যক্ষের ওপর নর্দমার ময়লা নিক্ষেপ করে এবং চেয়ার ছুড়ে মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।