শহীদ দিবসে ইচ্ছা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাহাঙ্গীরনগর ভিত্তিক সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন তরী’র বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা’র উদ্যোগে এর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে তরীর প্রায় ৬০ জন বাচ্চাদের মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করে।
এর আগে তরী ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাতে শহীদ মিনারে ফুল দেয়। এছাড়া তরীর উদ্যোগে হাতের লেখা প্রতিযোগিতা, বর্ণ দিয়ে শব্দ তৈরি, ভাষা দিবসের উপর কুইজ প্রতিযোগিতা হয়।
তরীর সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাকিউল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তরীর ছোট বাচ্চারই আগামীর বাংলাদেশ। ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে বাচ্চাদের জানাতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি। আর সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইচ্ছার এই এগিয়ে আসার উদ্দ্যোগকে স্বাগত জানাই।’ তরীর অন্য এক সদস্য জেরিন ইচ্ছা’র জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘ভবিষ্যতেও ইচ্ছা এবং তরী একসঙ্গে বাচ্চাদের নিয়ে কাজ করবে।’
ইচ্ছা’র পক্ষ থেকে নুরুজ্জামান শুভ বলেন,‘চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে বাচ্চাদের আগ্রহ সৃষ্টি করা, এবং এর মাধ্যমে তাদেরকে ইতিহাস জানাতে চেয়েছি। বেশিরভাগ বাচ্চারা শহীদ মিনার,স্মৃতিসৌধ, বাংলাদেশেরর পতাকা অঙ্কন করেছে। এই ব্যাপারটা অনেক ভাল লেগেছে আমাদের।’ ইচ্ছা’র আরেক সদস্য রাকিব খান বলেন,‘ভাল লাগার জায়গা থেকে তরীর বাচ্চাদের নিয়ে কাজ করা। নিজেদের অর্থায়নে বিভিন্ন শিক্ষাসামগ্রী দিতে পেরে ভাল লাগছে।’
উল্লেখ্য, ইচ্ছা ইতিপূর্বে ২০১৮-১৯ সেশনে ভর্তি পরিক্ষার সময়ে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ বিনামূল্যে জমা রেখে জাবি ক্যাম্পসে ব্যাপক ভাবে প্রশংসিত হয়। এছাড়াও সংগঠনটি গতবছর (ডিসেম্বর, ২০১৮) তে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ করে।