চবি ছাত্রলীগের বন্ধনে ‘অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট’
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বাংলার মুখের উদ্যোগে অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর আয়োজন করা হয়েছে। এতে শাখা ছাত্রলীগের অধিকাংশ পক্ষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। বুধবার বিকেলে শহীদ আব্দুর রব হলের মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেছে।
এতে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক একাধিক পক্ষ বাংলার মুখ, সিক্সটি নাইন, ভিএক্স, সিএফসি, একাকার, উল্কা এবং আরএসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কোন্দল বেঁধে থাকলেও ভাষার মাসে এমন সংঘবদ্ধ আয়োজন ছিলো প্রশংসার দাবিদার।
গত ২৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। বুধবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ২০১৭-১৮ সেশনের বিএম ফাইটস্থ ও ২০১৫-১৬ সেশনের বিএম ওয়ারিওস্থ।
এতে টস জিতে ১২ ওভারে ১৫৯ রানের টার্গেট দিয়ে ৫১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বিএম ফাইটার্স। ম্যাচ সেরা নির্বাচিত হয় বিএম ফাইটার্সের খেলোয়াড় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ সাগর। পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল বলেন, চবি ছাত্রলীগ মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারের পাশাপাশি মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখার কৌশল হিসেবে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছে। এসময় তাঁরা সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের সামাজিক কর্মকান্ডে সর্বদা পাশে পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, তিনি আমাদেরকে সবসময় এই ধরনের কাজে উৎসাহিত করেন। তাই আমরাও সাহস পাই। আমাদের বিশ্বাস এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি মাদক থেকে দূরে রাখবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, সহসভাপতি রেজাউল হক রুবেল, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হাসান দিনার, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।