প্রযুক্তিনির্ভর মানব সম্পদ উন্নয়নে জ্ঞান-গবেষণার বিকল্প নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়নে আধুনিক জ্ঞান-গবেষণার বিকল্প নেই। দেশে প্রযুক্তি নির্ভর আধুনিক মানবসম্পদ উৎপাদনে আমাদের শিক্ষকরা নিয়মিত জ্ঞান-গবেষণায় নিজেদের নিয়োজিত রেখেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে ‘গবেষণা ও মানবোন্নয়ন : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চবি’র ব্যবসায় প্রশাসন অনুষদ গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জ্ঞান-গবেষণার তীর্থস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সমকাতারে সামিল করতে হলে বিশ্বমানের একাডেমিক ক্যারিকুলাম প্রণয়নের প্রতি বিশেষ নজর দিতে হবে। আর এর জন্য প্রয়োজন অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালনা। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত পবিত্র একটি সংগঠন। দেশে প্রযুক্তি নির্ভর আধুনিক মানবসম্পদ উৎপাদনে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়মিত জ্ঞান-গবেষণায় নিজেদের নিয়োজিত রেখেছেন।
তিনি আরো বলেন, এ ধরণের সেমিনারের মাধ্যমে আমাদের তরুণ শিক্ষকরা তাদের মেধা-প্রজ্ঞার উন্মেষ ঘটিয়ে জ্ঞান-গবেষণায় নিজেদের অধিকতর সমৃদ্ধ করবেন এবং এই গবেষণালব্দ জ্ঞান বিতরণের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সৎ-দক্ষ-যোগ্য ও আলোকিত মানবসম্পদে পরিণত করবেন এটাই প্রত্যাশিত।
চবি শিক্ষক সমিতির সদস্য ও সেমিনার উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মু. গোলাম কবীরের পরিচালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মহীবুল আজিজ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি লোকপ্রসাশন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম এবং আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। সেমিনারে চবি শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।