জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনতিবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, মেধাবী, সৃজনশীল ও মানবিক নেতৃত্ব উপহার দিতে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সাথে অধিকতর তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের অক্টোবর মাসে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নতুন কমিটি গঠনের পরে শাখা ছাত্রলীগের কর্মীরা নিজ কর্মীদের মারধর, সাধারণ শিক্ষার্থীদের নিত্যদিন মারধর, চাঁদাবাজি, প্রশ্নফাঁস, যৌন হয়রানিসহ বিভিন্ন অপকর্মে জড়িত হতে শুরু করে।
গত ৩ ফেব্রুয়ারি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে। কেন্দ্রের নিদের্শনা অমান্য করে শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদধারী নেতারা ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানিয়ে মহড়া দিতে থাকে।
গত সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবার দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষে সমকালের ক্যাম্পাস প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদের রাকিব ইসলাম,খবরপত্রের সোহাগ রাসিফসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। সংঘষের সময় সাত-আটটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় তাদের হাতে ককটেল, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, বটি, হকি স্টিকসহ দেশীও ধারালা অস্ত্র দেখা যায়। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে কমিটি স্থগিত করে তাদের (বাতিল কমিটি) সতর্ক করা হয়েছিল। কিন্তু চলমান বিবাদ থামাতে তারা ব্যর্থ হয়।