১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

আবারও কুবির বাসে হামলা, চালকসহ আহত ৩

হামলার প্রতিবাদে ক্যাম্পাসে কুবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসে এস আলম স্টিল ফ্যাক্টরির শ্রমিক ও স্থানীয় এক মেম্বারের হামলায় বাসচালক এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি পরিবহনের ৭ নাম্বার বাস ক্যান্টনমেন্ট থেকে ক্যাম্পাসের দিকে আসার পথে কোটবাড়ী বিশ্বরোডে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার শাহ আলম ও এস. আলম স্টীল ফ্যাক্টরির শ্রমিকরা মিলে হামলা করে। তারা বাসের চালক জসিম আকন্দকে (৩৩) তারা হকিস্টিক ও ইট দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে বাসে থাকা শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের ওপরও চড়া হয় হামলাকারীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী আকবর হোসেনসহ আরও দুইজন আহত হয়।

ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করতে গেলে বিচারের আশ্বাস দিয়ে তাদেরকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয়। এসময় তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় মেম্বার শাহ আলম, এসএএস রড ফ্যাক্টরির জিএম ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ ও স্থানীয় এক দোকানি। আহত বাসচালক জসিম আকন্দ বলেন, ‘কোনো কারণ ছাড়াই তারা হঠাৎ আমাকে মারধর শুরু করে। আমার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্নক জখম পেয়েছি।’

ঘটনার বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা বারবার ঘটছে। যদি এমন ঘটনার আবার পুনরাবৃত্তি হয় তাহলে শাখা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থানে যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বাসে হামলার ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উপাচার্য স্যারের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।’

প্রসঙ্গত, এর আগেও বিশ্ববিদ্যালয়ের বাসে কুমিল্লা সরকারি কলেজ ও ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ হামলা করে। এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হলেও কোনো বিচার হয়নি।