জাবির ‘টারজানে জাকসু আড্ডা’
২৬ বছর ধরে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং বিশ্ববিদ্যালয়ে সকল মতের সহাবস্থান নিশ্চিত করতে সচল এই ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। সবচেয়ে বড় কথা শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়, স্বার্থ বা ভাবনা-চিন্তার প্রতিফলন হতে পারে যাদের দ্বারা তারা হচ্ছেন নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দ৷
কার্যকর ছাত্র সংসদের অভাবে শিক্ষার বাণিজ্যিকীকরণ,শিক্ষকদের স্বৈরাচারী আচরণ, অপ্রতুল শিক্ষাবাজেট, রাজনৈতিক বিবেচনায় নিয়োগের পথ সুগম হয়। ছাত্র সংসদ না থাকলে একটি বিশ্ববিদ্যালয় কোনোভাবেই সর্বজনের বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে না, প্রতিষ্ঠিত হয় মাস্তানতন্ত্র।
এই পরিপ্রেক্ষিতে রবিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে আয়োজন করা হয় এক অভিনব আড্ডার। আড্ডার প্রধান বিষয়বস্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আড্ডায় জাকসুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রকৃতি, জাকসু না থাকার অসুবিধা, সকল মতের সহাবস্থান ও রাজনৈতিক প্রক্রিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাকসুর ভূমিকা ও জাকসু কার্যকরের সঠিক প্রক্রিয়া আলোচনা করা হয়।
আড্ডায় উপস্থিত জাবির ডিবেট অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একমত, শিক্ষার্থীরা এ নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছি। এছাড়াও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে জাকসু নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে’।
আয়োজকরা জানায়,‘এই আড্ডাটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহন জাকসু নির্বাচনের দাবিকে আরো বেশি শক্তিশালী করবে’। আড্ডায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও আড্ডায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।