১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১০

জন্মদিন পালনেও প্রশাসনের অনুমতি লাগবে!

জন্মদিন, ঢাকঢোল পিটিয়ে পালন না করলেই নয়। এমন ঘটনা হরহামেশাই ঘটে ক্যাম্পাসের হলগুলোতে। তবে প্রতিনিয়ত এই ঢাকঢোল হয়ে উঠছে হলের বাকি শিক্ষার্থীদের উৎকণ্ঠার কারণ। যেখানে বেলা-অবেলায় সংঘর্ষও সাধারণ ব্যাপার। মূলত এসব বিষয়কে সামনে রেখেই রাতের বেলায় সভা, সমাবেশ, মিছিল, বার-বি কিউ পার্টি এমনকি জন্মদিন পার্টি নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ  ও নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

চবির সবুজ ক্যাম্পাস প্রাকৃতিক বনভূমিতে ঘেরা নীরব ক্যাম্পাসের এক অনন্য নিদর্শন। তাই এখানকার শিক্ষার্থীরাও এই পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে অভ্যস্ত। রাত যত গভীর হয়, ক্যাম্পাসের শুনশান নীরবতাও ততটাই ভারি হয়। তবে অধিকাংশ সময় গভীর রাতে কিংবা রাত ১২টায় হঠাৎ ভয়ংকর আতশবাজি অথবা স্লোগানের আওয়াজে ভেঙ্গে যায় এই নীরবতা। ব্যাপারটা সাধারণ শিক্ষার্থীদের কাছে কখনো আতঙ্কের, আবার কখনো বিরক্তির কারণ। তবে বিষয়টা সাধারণ শিক্ষার্থীদের নীরবে সহ্য করার নেপথ্যে রয়েছে রাজনৈতিক ভীতি এবং অনিশ্চয়তা। প্রতিবাদ তো দূরের কথা, প্রশাসনের নিকট অভিযোগ দিতেও নিজেদের অসহায়ত্বের কথা বলেছেন একাধিক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের এক শিক্ষার্থী জানান, প্রায় সময় কারো না কারো জন্মদিন থাকেই। সবাই সবার জন্মদিনে আনন্দ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আনন্দটা যেন কারো ঘুম নষ্ট কিংবা আতঙ্কের কারণ না হয়, সেদিকেও লক্ষ্য রাখা উচিৎ। তিনি বলেন, কিছুদিন যাবৎ ক্যাম্পাসে জন্মদিন পালনে বাজি ফোটানোর মাত্রাটা বেড়ে গেছে। কখনো কখনো ‘অমুক ভাই তমুক ভাই’ বলে রাত বিরাতে স্লোগান দিতে দেখা যায়। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য ঠিক কতটা ভোগান্তির, সেটা শুধু ভুক্তভোগীরাই বলতে পারবে। সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে প্রতিবাদ কেন করে না? জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ে থাকে অধিকাংশ শিক্ষার্থী। যার ফলে প্রতিবাদ করার সাহস কেউই পায় না।

নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আরও এক শিক্ষার্থী বলেন, মিছিল মিটিং এ সদিচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয়। হোক সেটা রাত বারোটায় কিংবা দিনের যেকোনো সময়। রাত বিরাতে এমন কর্মকাণ্ড সত্যিই বিরক্তিকর। এতে করে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাজি ফুটলে ককটেল ভেবে ভীত হয়। এসব বিষয়ে অভিযোগ দিলে কেউ নিরাপদ নয়। কারণ, এমন অধিকাংশ ঘটনার সাথেই রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে। তাছাড়া শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতির প্রচলন থাকায় সবাই নিজেদের শক্তি প্রমাণে প্রতিযোগিতায় লিপ্ত থাকে। সেটা জন্মদিন হোক কিংবা কোনো প্রোগ্রাম হোক। ক্যাম্পাসের এহেন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী ছাড়া কিছুই নয়।

ছাত্রীদের আবাসিক হল ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’র এক শিক্ষার্থী বলেন, দুই-একদিন পর পর হলের ব্লক গুলোতে পার্টি করতে দেখা যায়। নাচ, গান, হৈ-হুল্লোড়, বিকেল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলতে থাকে। এতে করে বাকি শিক্ষার্থীদের পড়াশুনায় বিগ্ন ঘটে এবং পড়ায় মনোযোগ তো প্রশ্নাতীত। অথচ সারাবছর কারো না কারো পরীক্ষা তো থাকেই। কিন্তু কেউ কোনো প্রতিবাদও করতে পারে না। কথা বলতে গেলেই রাজনৈতিকভাবে হয়রানির স্বীকার হওয়ার সম্ভাবনা থাকে। তিনি জানান, মুখে অনেকে এসবের বিরোধিতা করলেও প্রশাসনের নিকট অভিযোগ দায়েরের বেলায় শিক্ষার্থীদের সংখ্যা গরিষ্ঠই এগিয়ে আসতে নারাজ। নেপথ্যে রাজনৈতিক চাপের শঙ্কা।

চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে রাতের বেলা সভা, সমাবেশ, মিছিল, জন্মদিন ও বার-বি কিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।