জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতার বিকল্প নেই
বিশ্ব পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জনের বিকল্প নেই। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে সভাপতিত্ব করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও উক্ত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।
উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি উন্নয়ন সম্ভব নয়। আর এ জন্য চাই দক্ষ ও আলোকিত মানবসম্পদ। উপাচার্য তরুণ শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আহবান জানান।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি প্রোক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোমিনুল ইসলাম ও আফরিন সাদী। নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সিদরাতুল মুনতাহা। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।