১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১

বর্ণিল আয়োজনে শাবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাবিপ্রবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উলেক্ষ্যে র‌্যালী  © টিডিসি ফটো

“ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ।” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ কবিতা (গান) যে কোন বাঙালি তরুণ-তরুণীর মনে একটি অন্যরকম অনুভূতি সঞ্চারিত করে। প্রিয়জনের প্রতি ভাললাগা আর ভালবাসার বহি:প্রকাশে আমরা মনের অজান্তেই গুনগুন করি এই গান গাইতে গাইতে। তাইতো বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতির রঙিন সাজ যেন ফুঁটে ওঠে তরুণ-তরুণীদের মাঝে। প্রকৃতির এ আমেজ দেখে সহজেই অনুমেয় হয় ‘বসন্ত এসে গেছে..’।

কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবারের কাছে ফাগুনের গুরুত্ব একটু বেশিই। কারণ ১৯৯১ সালের এ পহেলা ফাল্গুনেই সিলেট শহর থেকে পাঁচ কিলোমিটার দুরে ৩২০ একর জায়গায় ৩টি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম শুরু হয় শাবিপ্রবি’র।

হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস) ২৮টি বসন্ত অতিক্রম করে ২৯ বছরে পা রাখলো। শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনে পর্দাণন করে সে তার আলোকোজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে দেশ-বিদেশে। আর সেজন্যেই দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি লাল-নীল-বেগুনি-আকাশী শাড়ি-পাঞ্জাবি পরে বাহারি সাজে নিজেদের সাজিয়ে নেয় শিক্ষার্থীরা।

২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে নানা আয়োজনের অংশ হিসেবে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় প্রসাশনিক ভবন-২ এ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১০টায় প্রসাশনিক ভবন-২ থেকে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি এবং সাড়ে ১০ টায় মুক্তমঞ্চে কেক কাটা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশে সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সময়ের বিবর্তনে ২৮ বছর অতিক্রম করে এই বিশ্ববিদ্যালয় ২৯ বছরে পদার্পণ করেছে। জ্ঞান ও প্রযুক্তিতে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে, উদ্ভাবনের দিক থেকে এর অবস্থান সর্বোচ্চ স্থানে। শিক্ষা ও গবেষণার দিক থেকে শাবিপ্রবি এখন অনেক এগিয়ে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। শিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৮৬ সালের ২৫ আগস্ট ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে ভেতরে প্রবেশ করলেই শাবিপ্রবি’র অন্যতম আকর্ষণ ‘এককিলো রোড’ যে কাউকেই কাছে টানে। আর বসন্তের আগমনে কিলোরোডের গাছগুলি যেন সবুজের পসরা সাজিয়ে রেখেছে। এ ছাড়াও আছে দৃষ্টিনন্দন নিউজিল্যান্ড খ্যাত ছোট ছোট পাহাড়ের টিলা, পাহাড়ের পাদদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলগুলো, পাহাড়ের উপরের অবস্থিত শহীদ মিনার।

মাত্র তিনটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে ২৮টি বিভাগে প্রায় সাড়ে ৫ শতাধিক শিক্ষক ও ১০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ২টি ইনস্টিটিউট রয়েছে। এ দিকে ছেলেদের জন্য ৩টি ও মেয়েদের জন্য ২টি হল রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের বাইরে বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ৫০ এর অধিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘চেতনা-৭১’, নান্দনিক সুবিশাল ত্রিকোণাকার কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে যাচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সফলতার পাশাপাশি পেয়েছে দেশী ও আন্তর্জাতিক স্বীকৃতি। রোবট তৈরি, ড্রোন তৈরি, ক্যানসার সনাক্তকরণসহ নানা ধরণের প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) অবদান স্বরুপ ২০১৭ সালে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরষ্কারে ভূষিত হয়েছে শাবিপ্রবি। ২০১৬ সালে স্পেনের ‘সিমাগো রিসার্চ গ্রুপ’ ও যুক্তরাষ্ট্রের ‘স্কপাস’ থেকে প্রকাশিত এক তালিকায় বিশ্বে সম্মিলিত ৬১০তম এবং দেশে প্রথম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।

বিভিন্ন আবিষ্কার এবং চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি অগ্রপথিকের ভূমিকা পালন করছে। দেশে বিশ্ববিদ্যালয় পযার্য়ে প্রথম সেমিস্টার পদ্ধতি চালু, মোবাইল ফোনে ভর্তি কার্যক্রম শুরু, পূর্ণ ক্যাম্পাস ওয়াইফাই সেবার আওতায় নিয়ে আসা, ক্যাম্পাসের প্রতিটি জায়গাতে সিসি ক্যামেরার ব্যবহার, নিজস্ব ডোমেইনে ই-মেইল চালু, প্রথম বাংলা সার্চ ইঞ্জিন উদ্ভাবন, যানবাহন ট্র্যাকিং ডিভাইস উদ্ভাবন, চালকবিহীন বিমান (ড্রোন) উদ্ভাবন, বাংলা ভাষার সামাজিক রোবট ‘রিবো’ তৈরি, অনলাইনে টান্সক্রিপ্ট উত্তোলনের সুবিধা চালু, কৃত্তিম বুদ্ধিমত্তার কিবোর্ডসহ অসংখ্য উদ্ভাবনী রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। সম্প্রতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমীন হকের নেতৃত্বে একদল গবেষক রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেন, যা তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।

এছাড়া দেশি-বিদেশী বিভিন্ন প্রতিযোগিতায় শাবিপ্রবি’র শিক্ষার্থীরা সফলতার সাথে অর্জন করেছে সম্মানজনক স্থান। গতবছরের ১০ নভেম্বর কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) প্রতিযোগিতায় ঢাকা সাইটে ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়টি। এবারের দলটি চলতি বছর ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

গতবছর যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জে প্রথমবারের মতো অংশ নিয়ে ৭৯টি দেশের বাছাইকৃত ২৭২৯টি দলের সঙ্গে লড়াই করে শীর্ষ চারে জায়গা করে নেয় শাবিপ্রবির দল সাস্ট অলিক। আবার গত বছর মাঝামাঝি সময়ে খাগড়াছড়ির পাহাড়ী অঞ্চলে নিচ থেকে উপরে বিদ্যুৎ ছাড়া বিশেষ পদ্ধতিতে পানি তোলার যন্ত্র আবিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের শিক্ষার্থীরা। তাছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে রক্ত সংগ্রহের অ্যাপস তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। চলতি বছরের শুরুতে পদার্থবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থী।

এছাড়া আগামী ১৫ থেকে ১৭ মার্চ ভারতের উত্তরাখন্ডে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) রুর্কি আয়োজিত অ্যানুয়াল টেক ফেস্ট ‘কগনিজেন্স’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রোবটিক্স টিম ‘সাস্ট ক্র্যাকারনাট’।

৩২০ একরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস শাবিপ্রবিকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন শাবিপ্রবি, অনন্ত যৌবনা হয়ে তোমার আলোকরশ্মি ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশে।