১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০

ঘুষ না দেয়ায় ৪৮ বছরেও স্বীকৃতি মেলেনি মুক্তিযোদ্ধার

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধের স্বীকৃতি নিয়ে মৃত্যুবরণ করতে চান মকবুল   © টিডিসি ফটো

নিজ জেলার কমান্ডারকে ঘুষ না দেয়ায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি হতে বঞ্চিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সাবেক টেলিফোন অপারেটর মকবুল হোসেন।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। তিনি জানান, ৭নং সেক্টরে বিশ্ববিদ্যালয় এলাকায় ক্যাপ্টেন গিয়াস উদ্দিনের অধীনে যুদ্ধে অংশ নিয়েছিলাম।

তিনি অভিযোগ করে বলেন, ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় টেলিফোন অপারেটর হিসেবে কাজ শুরু করি। ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল হক, গণিত বিভাগের আফতাবুল রহিমসহ কয়কজন শিক্ষকদের পরামর্শে যুদ্ধে অংশগ্রহণ করি। শরীরে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের অনেক আঘাত এখনও বয়ে বেড়াচ্ছি।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কাজ শুরু হলে নির্ধারিত ফরম পূরণ করি। ট্রেনিংয়ের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেই। জেলার কমান্ডার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিতে পারায় মিলেনি স্বীকৃতি।

মুক্তিযুদ্ধের সময় একটি ঘটনা সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধকালীন ১৯৭১ সালের ১৮ আগস্ট মুক্তিযুদ্ধের খবর নিয়ে আসার সময় আমাকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। সেদিন রাতে আমিসহ সবাইকে চোখ বেধে বদ্ধভূমিতে নিয়ে যায় এবং সেখানে সবাইকে হত্যা করা হয়। এ দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গলা থেকে রক্ত ঝরছে। পুকুরের মধ্যে পড়ে আছি। পরে কোন মতে বেঁচে ফিরি।’

মকবুল হোসেনের পরিণতি এখন চা বিক্রেতা। তিন সন্তানের মধ্যে দুই সন্তান তাকে ছেড়ে চলে গেছেন। ভরণপোষণও দেন না তাকে। বৃদ্ধ বয়সে ভরণপোষনের জন্য ছোট ছেলে আল আমিনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় একটি চায়ের দোকানে চা বিক্রি করেন। মকবুল হোসেনের এখন একমাত্র দাবি— শেষ বয়সে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়ে মৃত্যুবরণ। এজন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন মকবুল হোসেন। 

মকবুল হোসেন আরো বলেন, যুদ্ধ চলাকালে তার বয়স ১৭ বছর। তার কাজ ছিলো পাকিস্তানিদের তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে প্রদান করা। পাকিস্তানিদের টেলিফোন লাইন উল্টাপাল্টা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া।