বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো আয়োজিত হলো আবৃত্তি উৎসব ২০১৯।বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মুক্তমঞ্চে পদাতিকের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের শুরুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হাওলাদার স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি পদ্যের লোক নই। পদাতিক যদি আমাদের দর্শক সারিতে রাখতে পারে, তবে আমরা কবিতা বুঝতে পারবো। তিনি আরো বলেন, ববিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গেলে নাচ-গানের জন্য শিক্ষার্থীর অভাব হয় না। কিন্তু আবৃত্তির লোক খুঁজে পাওয়া যায় না। তবে পদাতিকের কারণে এখন আর অভাব হবে না।
উৎসবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক আসমা চৌধুরি। তিনি বলেন, আমি কিছু বলতে আসিনি, শুনতে এসেছি, হৃদয়ে কিছু লালন করতে এসেছি। প্রেম ছাড়া কেউ বাঁচতে পারে না। আর পারবেও না। কবিতা আমাদের সেই প্রেম শেখায়, ভালোবাসতে শেখায়।
পদাতিকের আহ্বায়ক ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অদিতি দাস বলেন, কবিতা খুব একটা মানুষের হৃদয়ে পৌছাচ্ছে পারে না। অথচ কবিতাই মানুষের কথা সব থেকে বেশি বলে। গুটিকতক শব্দে জীবনের কথা বলে, বলে অনুভব, দর্শন, বিজ্ঞান, চেতনার কথা। তাই আমরা কবিতাপ্রেমীরা আয়োজন করেছি আবৃত্তি উৎসব ২০১৯। এ ক্ষেত্রে শিক্ষকদের দিকনির্দেশনা ও সিনিয়র ভাইবোনদের সহায়তায়, সহপাঠী-বন্ধু ও জুনিয়র ভাইবোনদের সাহচর্য নিয়ে আজকের এ অনুষ্ঠান। এ সময় কবি মাহাবুবুল হকের কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, জীবনানন্দ দাশের রূপসী বাংলাসহ অসংখ্য কবিতা আবৃতি করে দর্শক হৃদয় জয় করে নেন এক ঝাঁক কবিতাপ্রেমী শিক্ষার্থী।