বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল দরিদ্র ৪ মেধাবী শিক্ষার্থী
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধা তালিকায় চান্স পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না চার শিক্ষার্থী। টাকার অভাবে অনিশ্চিত ছিল তাদের ভর্তি। এমন খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ সুন্দর আগামীর জন্য’ এগিয়ে আসে আর্থিক সহায়তা দিতে। সংগঠনটি মনে করে অপ্রস্ফুটিত কলির মতো এভাবে ঝরে যাবে তাদের জীবন এটা হতে পারে না। মানুষ তো মানুষের জন্য।
পরে ভর্তিচ্ছুক মেধাবী ঐ চার শিক্ষার্থীকে ভর্তি সম্পন্নের জন্য মঙ্গলবার বিকেলে প্রত্যককে নগদ টাকার চেক হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো.খালেদ হোসেন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ‘হাসিমুখ সুন্দর আগামীর জন্য’ সংগঠনটির সফলতা কামনা করে বলেন, এটি অনেক ভালো উদ্যোগ। সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। পারস্পরিক ভালোবাসা আর শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। দূর হয়ে যাবে সমাজের সকল অন্ধকার। আমি আমার বিভাগের পক্ষ থেকে চেষ্টা করবো এরকম মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সহয়তা করার। আর নিরন্তর শুভকামনা রইলো সংগঠনটির জন্য।
মেধাবী ঐ চার শিক্ষার্থীরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (জি ইউনিটের প্রথম শিফটে মেধা তালিকায় ১ম স্থান অধিকারী), মো.আদিল (এ ইউনিটের প্রথম শিফটে মেধা তালিকায় ৫৪তম স্থান অধিকারী), মো.মহিউদ্দীন (জি ইউনিটের প্রথম শিফটে মেধাতালিকায় ৪৮তম স্থান অধিকারী) ও মো.সবুজ আলী (জি ইউনিটের প্রথম শিফটে মেধা তালিকায় ১৩তম স্থান অধিকারী )
উল্লেখ্য, ‘হাসিমুখ সুন্দর আগামীর জন্য’ সংগঠনটি গত বছরের ১৬ নভেম্বর যাত্রা শুরু করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামনে আরো যেন ভাল কিছু করতে পারে সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির সাথে জড়িত সংশ্লিষ্টরা।