‘হালদা নদীর সম্ভাবনার দিক নিয়ে আরও গবেষণা প্রয়োজন’
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন,বাংলাদেশের মাছ প্রজনন কেন্দ্রের অন্যতম হলো হালদা নদী। এ নদীর অনেক সম্ভাবনার দিক রয়েছে। এই দিকগুলো কাজে লাগাতে এই নদী নিয়ে আরও গবেষণা প্রয়োজন। সোমবার হালদা নদী নিয়ে এক বছরের গবেষণা প্রতিবেদন তুলে ধরে তিনি এ কথা বলেন।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘হালদা রিভার রিসার্চ ল্যাব’ পরিদর্শন করেন।
এ সময় হালদা নিয়ে গবেষণা তুলে ধরে হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, ২০১৮ সালে হালদা নদী থেকে সবচেয়ে বেশি ডিম সংগ্রহ করা হয়েছে। মাছ ডিম ছাড়া থেকে শুরু করে জেলে ডিম সংগ্রহ করা পর্যন্ত কতটি নৌকা এবং কতজন মানুষ কাজ করছে সে তথ্য আমরা সংগ্রহ করেছি। তবে নদী দূষণের ফলে এই নদীতে দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়া শুধুমাত্র গত বছরের বন্যায় মারা গেছে ২২ প্রজাতির মাছ। এছাড়াও যে ডিম গুলো সংগ্রহ করা হয় তার কিছু প্রাকৃতিকভাবে এবং কিছু হ্যাচারির মাধ্যমে পোনা ফোটানো হয়। কিন্তু প্রাকৃতিকভাবে উৎপাদিত পোনা এবং হ্যাচারিতে উৎপাদিত পোনার মধ্যে পার্থক্য রয়েছে। কারন, হ্যাচারির পোনার স্থায়ীত্ব কম হয়।
তিনি বলেন, হালদা থেকে সংগৃহীত মাছসহ বিভিন্ন বস্তু ল্যাবে অতি সহজে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। তবে এই গবেষণাকে আরো সমৃদ্ধ করতে ল্যাবে বেশ কিছু সরঞ্জাম প্রয়োজন। যা অত্যন্ত ব্যয়বহুল। এই সরঞ্জামগুলো পাওয়া গেলে গবেষণার ফলাফল নির্ণয় আরো সহজতর হতো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, ড. মো. জসীম উদ্দিন, আইডিএফের নিবার্হী পরিচালক জহিরুল আলম, চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান।