০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩১

রাকসুর সংলাপ শুরু ৭ ফেব্রুয়ারি, তথ্য আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ  © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সংলাপ কমিটি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে আগামী ৭ ফেব্রুয়ারি। এ দিন বিকেল সাড়ে তিনটায় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সাথে সংলাপে বসবে সংলাপ কমিটি ।

বিষয়টি নিশ্চিত করে সংলাপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, পর্যায়ক্রমে তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠনগুলোর সাথে সংলাপে বসবে কমিটি। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, কমিটির তালিকা দেওয়ার আহ্বানের সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেন সংলাপ কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে সংগঠনগুলোকে প্রক্টর অফিসে ওইসব তথ্য জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে গত ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১০ টি রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দেয়। সংগঠনগুলোর জমা দেওয়া পর্যালোচনা করছে কমিটি বলে জানান কমিটির সদস্য সচিব অধ্যাপক নাজমুল হায়দার।