০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯

আবাসন নীতিমালা ত্রুটিতে ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

  © লোগো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনুমোদনপ্রাপ্তির পরও শিক্ষক-কর্মকর্তাদের নামে বরাদ্দকৃত ডরমেটরি ভবনের নিজের রুমে উঠতে পারছেননা বেশ কিছু শিক্ষক-কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শুক্রবার (১ ফ্রেবুয়ারি) নতুনভাবে বরাদ্দকৃত ডরমেটরির রুম বুঝে নেওয়ার কথা থাকলেও তা বুঝিয়ে দিচ্ছেন না বরাদ্দ বাতিল হওয়া শিক্ষক-কর্মকর্তাগণ।

প্রশাসনের ত্রুটিপূর্ণ নীতিমালা আর নানা অব্যবস্থাপনার জন্য এমন ভোগান্তির স্বীকার হয়েছেন প্রায় ১০-১৫জন সিনিয়র শিক্ষক-কর্মকর্তা। তাঁদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অফিস আদেশ পেয়েও তার তোয়াক্কা না করে জোরপূর্বক অবৈধভাবে রুমে অবস্থান করছেন বরাদ্দ বাতিল হওয়া সহকর্মীরা।

সোমবার সরেজমিনে দেখা যায়, ডরমেটরির সামনে আসবাবপত্র-মালামালসহ গেস্টরুমে অবস্থান নতুন বরাদ্দ পাওয়া শিক্ষক-কর্মকর্তাগণ।

শিক্ষক-কর্মকতাদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বাসা বরাদ্দ কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আবাসন নীতিমালা ২০১৬ইং অনুযায়ী এই বরাদ্দ সম্পূর্ণ অস্থায়ী ও পরিবর্তনযোগ্য। বরাদ্দ বাতিল হবার পর রুম ছাড়তে হবে এবং নতুন বরাদ্দকৃতদের রুম বুঝিয়ে দিতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের আদেশ অমান্য করে বাসা বুঝিয়ে দিচ্ছেন না তাদের বিষয়ে বেশকিছু অভিযোগ আমরা ইতোমধ্যে পেয়েছি। এ বিষয়ে উপাচার্য মহোদয় ছুটি থেকে ফিরে আসলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন নীতিমালা ত্রুটিপূর্ণ। যা একজন শিক্ষক-কর্মকর্তার জন্য সম্মানহানীকর। এই আবাসন বরাদ্দে প্রতিনিয়ত একপাক্ষিক সুবিধাভোগীরাই সুবিধা নিচ্ছে। ডরমেটরী বাতিল হবার পর আইনে উল্লেখ আছে একজন শিক্ষক নির্ধারিত মেয়াদের পর ফ্ল্যাট না ছাড়লে নির্ধারিত ভাড়ার তিনগুণ দিয়ে অবস্থান করতে পারবে। সেক্ষেত্রে একটি ত্রুটিপূর্ণ আইনের মাধ্যমে শিক্ষক-কর্মকর্তাদের সম্মানহানী করা মোটেই উচিত নয়। শিক্ষকদের নতুন আবাসনের ব্যবস্থা না করে ত্রুটিপূর্ণ আইনের প্রয়োগ হচ্ছে। আমরা চাই অতিদ্রুত শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন ডরমেটরী নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান হোক।

উক্ত ঘটনায় ভূক্তভোগী শিক্ষক-কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, আমরা বিশ্ববিদ্যালয় নীতিমালায় যথাযথভাবে কর্তৃপক্ষের নোটিশ পেয়ে বরাদ্দ বাতিল হওয়া সহকর্মীদের অবহিত করেছি এবং সে অনুযায়ী স্ত্রী-সন্তান, মালামাল আসবাবপত্র নিয়ে রুমে উঠতে আসছি। কিন্তু আমরা রুম বুঝে পাচ্ছি না। অরক্ষতি অবস্থায় মালামাল বাইরে রেখে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের এবং ভাড়া বাসা ছেড়ে দেওয়ায় বর্তমানে আমাদের গেস্টরুমে অবস্থান করতে হচ্ছে।

এ বিষয়ে বরাদ্দ বাতিল হওয়া এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, আমার ব্যক্তিগত কারণে বাসা ছাড়তে বিলম্ব হচ্ছে। এই বিষয়ে আমি অবগত হয়েছি কয়েকদিনের মধ্যে বড় বাসা পেয়ে গেলেই ফ্ল্যাট ছেড়ে দেব।