রুমকিও মায়ের কোলে চড়ে বিশ্ববিদ্যালয়ে
স্বাভাবিকের তুলনায় দুটি পা অনেক ছোট। সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতেও পারেন না। কোথাও গেলে তাকে যেতে হয় হুইলচেয়ারে কিংবা মায়ের কোলে চড়ে। তাতে কী, মনের দিক দিয়ে তিনি অনেক শক্তিশালী। মেধাতেও অনন্য। সেই জোরেই এবার সুযোগ পেলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার। মায়ের কোলে চড়েই এখন তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে হতে চান একজন আদর্শ শিক্ষক।
তিনি রাজিয়া সুলতানা রুমকি। রাজশাহী নগরীর পাঠানপাড়ার হাফিজুর রহমান ও নাজনীন বেগমের দুই সন্তানের মধ্যে একজন রুমকি। বাবা একজন ট্রাকচালক এবং মা গৃহিণী। রুমকির দুটি পা জন্ম থেকেই বিকলাঙ্গ। কিন্তু মেধায় রেখে চলেছেন অসামান্য কৃতিত্ব।
এর আগে হৃদয় সরকার নামের এক শিক্ষার্থী মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে জয় করে নিয়েছেলিনে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে পড়ার স্বপ্নকে।
জানা যায়, রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মানবিকে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হন রুমকি। এরপর রাজশাহী মহিলা কলেজ থেকে একই বিভাগে ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কলা অনুষদে পরীক্ষা দিয়ে তিনি ভর্তি হন উর্দু বিভাগে। বিষয় পরিবর্তন করে তিনি এখন আরবি বিভাগে অধ্যয়ন করছেন।
শারীরিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা রুমকি স্বপ্ন দেখতে ভালোবাসেন। বিদ্যালয় ও কলেজের লেখাপড়া শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন। এখন তার সে স্বপ্ন পূরণ হয়েছে। নতুন করে স্বপ্ন দেখছেন শিক্ষক হওয়ার। বিশ্ববিদ্যালয় চত্বরে আসা মেধাবী রুমকির চোখেমুখে আনন্দ আর উচ্ছ্বাস থাকলেও দেখা দিয়েছে নতুন সমস্যা। তার বিভাগটি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের তৃতীয় তলায়। তিনতলায় ওঠানামা করানো তার মায়ের পক্ষে কষ্টসাধ্য। একা তাকে তিনতলায় ওঠানামা করাতে পারছেন না তিনি। তাছাড়া রুমকির জন্য তা হয়ে উঠেছে অনেকটা যন্ত্রণার।বৃহস্পতিবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বিভাগ পরিবর্তন করে বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ চেয়েছেন। বাংলা বিভাগের ক্লাস একই ভবনের নিচতলায়।
রুমকির মা নাজনীন বেগম জানান, ‘তাকে কোলে নিয়ে তিনতলায় যাওয়া আমার পক্ষে অনেক কষ্টের। হুইলচেয়ারে করে উপরে তোলার মতো সিঁড়ি নেই। তাই তার লেখাপড়া নতুন করে হুমকির মুখে পড়েছে। নিচতলায় ক্লাসরুম আছে এমন বিভাগে ভর্তি করলে রুমকির স্বপ্নটা বেঁচে থাকত।’
রুমকি বলেন, ‘আমার জন্য প্রতিদিন ক্লাস করা দুস্কর। কিন্তু আরবিতে নিয়মিত ক্লাস না করলে পরীক্ষায় পাশ করতে পারবো না। যদি বিভাগ পরিবর্তন করে নিচতলায় বাংলা বিভাগে পড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমার পাশ করা সহজ হবে, কষ্টও কম হবে।’
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দীন বলেন, ‘রুমকির বিভাগ পরিবর্তনের বিষয়টি আমাদের হাতে নেই। এ বিষয়ে আমি উপাচার্য বরাবর সুপারিশ করেছি।’
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘এখন বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে দেওয়া একটু সমস্যার এবং সময়সাপেক্ষ। যেহেতু শারীরিকভাবে সে অনেক দুর্বল তাই তার বিষয়টি আমরা ভেবে দেখব।’