শাবিপ্রবিতে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতা’র দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীত বিভাগের আয়োজনে বুধবার এ সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মানুষের মূল্য বাড়িয়ে দেয়। ব্যক্তি সমাজের অংশ এবং সমাজ দেশের অংশ। এখন অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।’
প্রধান আলোচক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা মানুষের পুরো আচরণ দেখি না শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখি। উন্নয়নের পরিমাপের মাপকাঠি হিসেবে শুধু জিডিপি নয় আরো অনেক ইনডেক্স ব্যবহার হয়। অর্থনীতি বহুমাত্রিক হওয়ার কারণে এর প্রতিনিয়ত নতুন নতুন মাপকাঠি বের হচ্ছে।’
এদিকে, জাতীয় সম্মেলনের বিভিন্ন সেশন পরিচালনা করবেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান, ড. ইসমাইল হোসাইন, ড. বিনায়েক সেন ও ড. এনামুল হক।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মুনিম জোদ্দারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।