২৭ জানুয়ারি ২০১৯, ১৯:২০

নকলমুক্ত কামিল পরীক্ষা গ্রহণে নির্দেশনা

বক্তৃতা করছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ  © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ নকলমুক্ত পরিবেশে কামিল পরীক্ষা গ্রহণে নির্দেশনা দিয়েছেন। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা ২০১৮ এর কেন্দ্র পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সভায় এ নির্দেশনা দেন তিনি।

আগামী ২৯ জানুয়ারি কামিল পরীক্ষায় নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন কানুনগুলো মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় যেন শিক্ষাবান্ধব হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষকদের সহযোগিতা কামনা করেন। 

সভায় আরো বক্তব্য দেন, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ডিন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মদ, অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের। সভায় আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।