২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৫

চবিতে নেতার উপর ছাত্রলীগের হামলার নিন্দা ছাত্রদলের

আহত ছাত্রদল নেতা সাজ্জাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উপর ছাত্রলীগ নেতা-কর্মীর মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এই হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরো দেখুন: চবি ছাত্রদলের দপ্তর সম্পাদককে ছাত্রলীগের মারধর

বিবৃতিতে নেতারা বলেন, দেশে ভয়ঙ্কর দুঃসময় বয়ে চলছে। কোথাও কোন নিরাপত্তা নেই। শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নয়, ঘরে বাইরে কোথাও সাধারণ মানুষের নিরাপত্তা নেই।অবৈধ সরকারের নির্দেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্রদল নেতা-কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আরেকটি ভোট চুরির নির্বাচনের পর ছাত্রলীগ ধারাবাহিকভাবে অন্যায় ও অপকর্ম চালিয়ে যাচ্ছে। শাসক দলের অনুগ্রহের ছায়াতলে ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশব্যাপী নির্মাণ করেছেন সন্ত্রাসের পরিকাঠামো। কারণ দেশ আইন দ্বারা চলছে না, এক ব্যক্তির নির্দেশেই আইন হিসেবে বিবেচিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উপর হামলা এরই ধারাবাহিক উদাহরণ।

নেতারা অবিলম্বে সাজ্জাদ হোসেন হৃদয়ের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার দাবি করেন। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দোষী ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

প্রসঙ্গত, সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে বেধড়ক মারধর ও কান ধরে উঠবস করালেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তিন তলায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।