জবির প্রথম সমাবর্তনে যারা অংশগ্রহণ নিতে পারবে
একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনদ পেয়েছেন তারা সবাই প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর এর যেকোন একটি বা দুটির সনদ পেয়েছেন তারাই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সে হিসেবে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সমাবর্তন পাচ্ছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ২০০১-০২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা স্নাতকোত্তোর এর সনদ দেয়া হয়েছে। এছাড়া ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে স্নাতক ও স্নাতককোত্তর এর সনদ পেয়েছে এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও স্নাতকোত্তর শেষ করেছে। এ কারণে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ (৮ম ব্যাচ) বর্ষ পর্যন্ত মোট ১২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, জবির প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ চলতি বছরের অক্টোবরে নির্ধারণ করা হয়েছে। এজন্য আগামী ফেব্রুয়ারী-মার্চ দুই মাসব্যাপী অনলাইনে আবেদন চলবে। এছাড়া সমাবর্তনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) নির্ধারণ করা হয়েছে।