০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪

শিক্ষকতা ছেড়ে রাজনীতি, শেষতক তিনি মন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ড. হাছান মাহমুদ চট্টগ্রামের খ্যাতিমান রাজনীবিদ। গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন। 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে হ্যাট্রিক বিজয় অর্জন করেন। গতকাল সোমবার তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির এ রাজনীতিক।

ড. হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। বেলজিয়াম ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি (পরিবেশ বিজ্ঞান) ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স করেন। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম, বেলজিয়াম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্রেটেজিক স্টাডিজ, ব্রাসেলস, বেলজিয়ামে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন তিনি।

গত বছরের ২০ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ড. হাছান মাহমুদ। মূলত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি এবং অনুরোধে ড. হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসে ১০টি ক্লাশ নেয়ার অনুরোধ করেছিলেন হাছান মাহমুদকে। কিন্তু রাজনৈতিক ব্যস্ততার কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ক্লাশ নিতে সম্মত হন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ

 

এছাড়া গত ৫ বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ড. হাছান মাহমুদ। এই সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সফলতার সঙ্গে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন তিনি।

ড. হাছান মাহমুদ পরপর দুই কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে প্রচার সম্পাদকের পাশাপাশি দলের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।