সৈয়দ আশরাফুলের মৃত্যুতে জাককানইবি পরিবারের শোক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পরিবার সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান গভীর ভাবে শোক প্রকাশ করে বলেন, মহান এই জননেতার মৃত্যুতে সারাদেশে বিরাজ করছে শোকের পরিবেশ।
তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন ও দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞাসহ বিভিন্নক্ষেত্রে তাঁর সাহসী ভূমিকা ও অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি ছিলেন সদা নিবেদিত।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু-নীলদলের সভাপতি ড. সিদ্ধার্থ দে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান (আবির) শোক প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর সঞ্জয় কুমার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম (১ জানুয়ারি ১৯৫২ - ৩ জানুয়ারি ২০১৯) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও মন্ত্রী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে সপ্তম ও অষ্টম, কিশোরগঞ্জ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এর পূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।