শিক্ষক নিয়োগ: এক ভাই প্রার্থী, আরেক ভাই বোর্ড সদস্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের বিরুদ্ধে ‘নৈতিকতাবিরোধী’ কাজের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক নিয়োগে নিজের ভাই প্রার্থী থাকার পরও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নিয়োগ বোর্ডের বিশেষেজ্ঞের দায়িত্ব পালন করেছেন তিনি। যা নিয়ে গত ১৮ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীকে বিষয়টি অবহিতকরণ ও কার্যদ্ধারের জন্য চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। বিষয়টি খুবই বিব্রতকর ও লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের অন্যসকল কর্তাব্যক্তিদের সাথে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, গত ২৯ অক্টোবর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বাছাই বোর্ডে অনুষ্ঠিত হয়। বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। ওই নিয়োগ নির্বাচনী বোর্ডের পরীক্ষায় তার আপন ছোট ভাই ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিত পরীক্ষায় অংশ নেন।
নিয়োগ পরীক্ষার প্রচলিত নীতিমালা অনুযায়ী, সাধারণত কোন শিক্ষকের নিকট আত্মীয় যদি পরীক্ষায় অংশ নেন, তাহলে ওই নিয়োগ বোর্ডের কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু তার ভাইয়ের বিষয়টি আগে থেকে কাউকে না জানিয়ে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন করা হয়।
এরপর বিষয়টি জানাজানি হলে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন করার বিষয়টি উপস্থাপন করা হয়।
সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করে বিষয়টিকে গর্হিত অন্যায় ও নৈতিকতা বিরোধী কাজ বলে উল্লেখ করা হয়। একইসাথে এ ধরনের কাজের জন্য তাকে উক্ত নিয়োগ বাছাই বোর্ড হতে অব্যাহতি এবং ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে সবধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ন কবির জানান, ‘সিন্ডিকেটে বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে। তথ্য গোপন করে অধ্যাপক আরফিন নিজের ভাইকে নিয়োগের চেষ্টা করে গর্হিত অন্যায় ও নৈতিকতাবিরোধী কাজ করেছে। তাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে বিশেষজ্ঞ সদস্য হতে অব্যহতি দিয়েছে। এছাড়া ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকাণ্ডে যাতে তিনি অংশগ্রহণ না করতে পারেন, তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’