০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০

কুবি সাংবাদিক সমিতির পাঁচ বছরের যাত্রা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

লালমাই পাহাড়ের পাদদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল’ এ মূলমন্ত্রকে ধারণ করে এ বিশ্ববিদ্যালয়েরই একদল সংবাদকর্মী দেশের বিভিন্ন প্রান্তে এ বিদ্যালয়ের কার্যক্রমকে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২০১৩ সালের ৬ ডিসেম্বর লালমাটির এই ক্যাম্পাসে কিছু উদ্যমী কলম যোদ্ধাদের হাত ধরে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। নানা প্রতিকূলতা ভেদ করে সংগঠনটি গত ৬ ডিসেম্বর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্নে অল্প কয়েকজন সংবাদকর্মী দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৬জন। যারা দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন।

২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হলেও মূলত আত্মপ্রকাশ করে ২০১০ সালের ২০ এপ্রিল একটি আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে। কিন্তু প্রশাসনের সাথে বৈরী সম্পর্ক থাকায় বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির প্রশাসনিক অনুমোদন দেয়া হয়নি। পরবর্তীতে দীর্ঘ প্রচেষ্টার পর ২০১৩ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠাকালীন সভাপতি এম আহসান হাবীবকে আহ্বায়ক স্বীকৃতি দিয়ে কার্যক্রম শুরুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শত বাধা-বিপত্তি ডিঙিয়ে সত্যকে আঁকড়ে ধরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কলম যোদ্ধাদের। একে একে পাঁচটি বছর পালন করেছে সংগঠনটি।

এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে দিবসটির উদযাপন শুরু হয়। সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রা এবং ১০টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতায় অনেক বাধা বিপত্তি থাকে। তবে সঠিক পথে তোমাদের অনড় থাকতে হবে।’

এরপর দুপুর ১২টায় অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মূল আকর্ষণ ছিল শিক্ষক সমিতি ও সাংবাদিক সমিতির মধ্যকার প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ। বিকাল সাড়ে পাঁচটায় ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ম্যাচে শিক্ষক সমিতি ২-১ সেটে সাংবাদিক সমিতিকে পরাজিত করে।

প্রতিষ্ঠাকালীন সভাপতি এম. আহসান হাবীব সমিতির বর্তমান কার্যক্রম নিয়ে বলেন, ‘আমার সন্তানতূল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তাঁর দায়িত্ব অত্যন্ত বিচক্ষণতার সাথে পালন করছে দেখে আমার চিত্ত প্রশান্ত ও গর্বিত। তবে যেতে হবে বহুদূর, সামনে পাড়ি দিতে হবে আরো দুর্গম পথ।’

সমিতির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সমিতির পথচলা শুভ হোক। বরাবরের ন্যায় সত্যকে আঁকড়ে ধরে সাংবাদিক সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে।’

সমিতির সভাপতি মো. মতিউর রহমান সংগঠনের প্রতি ভালোবাসা ব্যক্ত করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি ভালোবাসার পরিবার। সময়ের সাথে সাথে সংগঠন প্রসারিত হচ্ছে। সমিতির সবাই পরিশ্রমের ধারা অব্যাহত রাখলে সাফল্য আসবেই।’