১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪

বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু ১৭ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএড, এমএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএসএড, এমপিএড ও এলএলবি কোর্সে ভর্তির ২য় পর্যায়ের প্রাথমিক আবেদন শুরু ১৭ ডিসেম্বর থেকে। যা চলবে ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত পর্যন্ত। ১৭ ডিসেম্বর বিকাল ৪টা থেকে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন করা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions/) এসব কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পাওয়া যাবে। ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে ১৮ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে তা প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে বলা হয়েছে ভর্তিচ্ছুদের। 

প্রিন্টকৃত ফরমের সাথে আবেদন ফি বাবদ ৩০০ টাকা সংশ্লিষ্ট কলেজগুলোতে জমা দিতে বলা হয়েছে শিক্ষার্থীদের। ৩১ ডিসেম্বরের মধ্যে কলেজেগুলোকে প্রার্থীদের প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি চিঠিতে মাধ্যমিক ও উচ্চ  শিক্ষা অধিদপ্তরকে উচ্চ আদালতের রায় অনুযায়ী ২৩টি বেসরকারি টিচার্স টেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীদের বিএড স্কেল প্রদানের কার্যকর পদক্ষেপ  নেয়ার নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি ২৩টি বিএড কলেজের প্রশিক্ষণকৃত শিক্ষার্থীদের বি.এড স্কেল প্রদানে নীতিগত সিদ্ধান্ত নিয়ে পত্র জারি করেন।