০২ ডিসেম্বর ২০১৮, ১৭:২০

রাবিতে বিভাগ একীভূতকরণের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও 

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে (এপিইই) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে (ইইই) পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করেছে এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে এপিইই বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করে প্রায় এক ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে  মানববন্ধন করে। 

এদিকে গত ১১ নভেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দুই বিভাগ একীভূতকরণের দাবিতে আন্দোলন করছে এপিইই বিভাগ শিক্ষার্থীরা। অপরদিকে ২০ নভেম্বর থেকে বিভাগ একিভূতকরণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) শিক্ষার্থীরা। এছাড়াও গত বুধবার নিজ বিভাগে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। আজও (রোববার) প্রথম বিজ্ঞান ভবন ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। 

আন্দোলনরত ইইই বিভাগের শিক্ষার্থী অধির চন্দ্র রায় বলেন, ‘দেশের প্রয়োজনীয়তা অনুসারে তিন বছর আগে ইইই এ বিভাগটি রাবিতে নতুন চালু হয়েছে। চালুর পর থেকে আমরা মেধার ভিত্তিতে ভর্তি হই। দুই বিভাগের সিলেবাস এক নয়। সাধরাণত মেধা তালিকায় প্রথম দিকে থাকেন তারা ইইই তে ভর্তির সুযোগ পায়। যদি দুই বিভাগ একত্রীকরণ হয় তাহলে মেধাক্রমকেই অপমানিত করা হবে’।

অন্যদিকে এপিইই বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগকে একত্রীকরণ করা হলেও রাবিতে কেন হবে না। 

বিভাগের শিক্ষার্থী ইমদাদ আলী জানান, ‘একই বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগ থাকায় ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাচ্ছেনা।

মুখোমুখি অবস্থান নিয়ে আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আন্দোলনরত দুই বিভাগের শিক্ষার্থীদেরই ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।