২৮ নভেম্বর ২০১৮, ১৫:৫৯

সেশনজটে পড়ছেন তিন শতাধিক শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত দুই সপ্তাহের অধিক সময় ধরে দুইটি বিভাগ একিভূতকরণের দাবির পক্ষে-বিপক্ষে আন্দোলন চললেও বিষয়টি সূরাহা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনের কারণে দুই বিভাগেরই বার্ষিক পরীক্ষা পেছানো হয়েছে। ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। অতিদ্রুত এ সমস্যার সমাধান না হলে বিভাগ দুটির ৩৭০ জন শিক্ষার্থীর সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন আশংকা শিক্ষার্থীদের।

সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের পুরানো বিভাগ ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে একীভূতকরণের দাবিতে অবস্থান কর্মসূচীর মাধ্যমে আন্দোলন শুরু করে এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম জানান, স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর ছয় থেকে সাত মাসের সেশনজটে আছে। আমাদের পরীক্ষা ছিল ডিসেম্বরে যেটা জানুয়ারিতে করা হয়েছে। এতে আরও একমাস পেছালো। এভাবে প্রায় এক বছরের মতো সেশনজটে পড়তে হচ্ছে আমাদের। প্রথম থেকে ৩য় বর্ষ পর্যন্ত সেশনজট নেই। তবে তারাও এই আন্দোলনের কারণে ২ থেকে ৩ মাসের জটে পড়বে। আমরা চাই অতিদ্রুত বিষয়টি সমাধান হোক।

এপিইই শিক্ষার্থীদের দাবি, সিলেবাস একই হলেও তাদের বিভাগকে চাকরির বাজারে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সমমান হিসেবে গ্রহণ করা হচ্ছে না। আলাদাভাবে বিভাগের নাম উল্লেখ করাও হচ্ছে না। সমপরিমাণ পরিশ্রম করা সত্ত্বেও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে পারছেন না।

এদিকে এপিইই’র শিক্ষার্থীদের আন্দোলনের এক সপ্তাহ পর ২০ নভেম্বর থেকে বিভাগ একিভূতকরণের দাবির প্রতিবাদে ইইই বিভাগের স্বকীয়তা রক্ষায় আন্দোলনে নামে ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

সেদিন থেকে বিভাগ একিভূতকরণের বিপক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন, র‌্যালি, অবস্থান কর্মসূচী পালন করে আসছে ইইই বিভাগের শিক্ষার্থীরা। সোমবার একিভূতকরণ না করার দাবিতে দুপুরে নিজ বিভাগে তালা দেয়া হয়। বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জানান, আমাদের অস্তিত্বের প্রশ্ন।

আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত নাম পরিবর্তন না করার দাবি নিয়ে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। ৫ ডিসেম্বরের মধ্যে যদি সুরাহা না হয় তাহলে আগামী কর্মসূচী ঘোষণা করা হবে।

সেশনজটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এভাবে ক্লাস পরীক্ষা না করলে অবশ্যই সেশনট জটে পড়তে হবে। সেক্ষেত্রে ২ মাসের মতো সেশনজটে পড়তে হতে পারে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বুত সমস্যা সমাধান করুক।

সেশনজটের বিষয়ে জানতে চাইলে এপিইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আরিফুল ইসলাম নাহিদ বলেন, আগামীকাল অনুষদ কমিটির সভা আছে। এরপর ৫ ডিসেম্বর শিক্ষা পরিষদের সভা। সেদিনই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। এর আগে কিছু বলা সম্ভব হচ্ছে না।

ইইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ তৌহিদুল ইসলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। এখনও কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তবে সেশনজট কারোরই কাম্য নয়। প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারে। আমরা সবসময়ই আমাদের স্বকীয়তা চাইব।

এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, সাক্ষাতে ছাড়া আমি কিছু বলতে পারব না।