২৪ নভেম্বর ২০১৮, ১৭:০৬

ইবি কর্মচারি সমিতির সভাপতি আতিয়ার, সম্পাদক শাহীনুর

সভাপতি আতিয়ার রহমান (বামে) সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে এস্টেট অফিসের আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিবহন অফিসের শাহীনুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে (মমতাজ ভবন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-হিসাব পরিচালক মো: আব্দুল মান্নান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ বছর মোট ১৫টি পদের বিপরীতে মাত্র ১৫টি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা পড়ে। ১৫টি পদের বিপরীতে অতিরিক্ত কোন মনোনয়ন জমা না পড়ায় ১৫ জন প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মান্নান।

ফলাফলে ১৫টি পদের মধ্যে আতিয়ার রহমান পান ১৪৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শাহীনুর ইসলাম ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে খন্দকার একরাম হোসেন, মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ নায়েব আলি, সাংগঠনিক সম্পাদক রেন্টু মোল্লা, দপ্তর ও প্রচার সম্পাদক মহাসীন আলি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক লাল্টু হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রতন লাল, ধর্মীয় বিষয়ক সম্পাদক রাফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মালেকা খাতুন এবং নির্বাহী সদস্য শহিদুল্লাহ মজুমদার ও আঞ্জুমানারা খাতুন।

প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মান্নান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু প্রতিহিংসা ছিল না।’